মহিদুল ইসলাম (শাহীন) খুলনা থেকে, খুলনা জেলার দিঘলিয়া থানাধীন সেনহাটি পুলিশ ক্যাম্পের সদস্যদের সহযোগিতায় বিশেষ মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৩৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। ৫ সেপ্টেম্বর ২০২৬ তারিখ রাত আনুমানিক সাড়ে ১২ টার দিকে দিঘলিয়া থানাধীন হাজী গ্রাম মিনি স্টেডিয়াম সংলগ্ন পাকা রাস্তা থেকে সিয়াম শেখ (২০) নামে এক ব্যক্তিকে ১ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে উক্ত ইয়াবা হাজীগ্রাম এলাকার মাদক ব্যবসায়ী আনারুল খামারি (৩৯)- এর কাছ থেকে ক্রয় করেছে বলে জানায়। পরবর্তীতে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে প্রাপ্ত নির্দেশনা অনুযায়ী অদ্য ভোর আনুমানিক ৫ টা ৩০ মিনিটে দিঘলিয়া থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে সেনহাটি পুলিশ ক্যাম্প ও দিঘলিয়া থানার পুলিশ সদস্যদের সমন্বয়ে হাজীগ্রাম এলাকায় বিশেষ মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযান কালে হাজীগ্রাম ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আনারুল খামারির হেফাজত থেকে দুটি নীল রঙের প্যাকেটে থাকা সর্বমোট ৩৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ১ লাখ ৫ হাজার টাকা। গ্রেপ্তারকৃত আনারুল খামারি (৩৯), পিতা—মৃত সাদেক খামারি, মাতা—সালেহা খাতুন, সাং—হাজীগ্রাম ৩ নম্বর ওয়ার্ড, থানা—দিঘলিয়া, জেলা—খুলনা। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। পুরো বিষয়টিই খুলনা জেলা পুলিশের পুলিশ সুপার সরকার ওমর ফারুকের বিশেষ নির্দেশনায় মাদকের ভোক্তা এবং খুচরা ব্যবসায়ীদের সূত্র ধরে উৎসে পৌঁছানোর স্ট্র্যাটেজির সফল প্রয়োগ। মাদক ব্যবসায়ীদের "নেটওয়ার্ক ডিজর্যাপশন"-এর এই প্রক্রিয়া এবং মাদক বিরোধী অভিযান চলমান থাকবে।