
তাইফুন (ঘূর্নিঝড়) সাউদেলের প্রভাবে প্রবল বর্ষণে চীনের দক্ষিণপূর্বাঞ্চলীয় প্রদেশ ফুজিয়ানের চেংজিয়াংয়ের পুতিয়ান শহরের একটি বাঁধ ভেঙে গেছে। এতে নিখোঁজ হয়েছেন ওই শহরের বহুসংখ্যক মানুষ।
পুতিয়ান শহরটি মুলান নদীর তীরে অবস্থিত। তাইফুন সাউদেলের প্রভাবে ৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার ভোর থেকে ভারী বর্ষণ শুরু হয় চেংজিয়াংয়ে। বৃষ্টিপাত অব্যাহত থাকায় বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেল ৪টার দিকে মুলান নদীর বাঁধ ভেঙে গিয়ে বিপুল পরিমাণ পানি পুতিয়ানে ঢুকে পড়ে এবং শহরের বিশাল এলাকা রীতিমতো ভেসে যায়।
আকস্মিক এই বন্যা বিপর্যয়ের পরের দিন শুক্রবার পুতিয়ান শহরের এক প্রশাসনিক কর্মকর্তা চীনের সরকারি বার্তাসংস্থা সিনহুয়াকে বলেন, “বহুসংখ্যক মানুষ নিখোঁজ হয়েছেন। নিখোঁজদের সঠিক সংখ্যা এখনও আমাদের কাছে স্পষ্ট নয়। এছাড়া বন্যায় শতাধিক বাড়িঘর সম্পূর্ণ ভেঙে পড়েছে।”
ওই কর্মকর্তা আরও জানান, পুতিয়ানের বন্যা কবলিত বিভিন্ন এলাকা থেকে ইতোমধ্যে ১ হাজার ২৬০ জনকে উদ্ধার করে ৩০টি সরকারি দুর্যোগ আশ্রয়শিবিরে রাখা হয়েছে।
আজ শনিবার থেকে যদিও বৃষ্টির তেজ খানিকটা কম, কিন্তু ফুজিয়ান প্রদেশের আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে শিগগিরই পরিস্থিতি উন্নতির কোনো বার্তা পাওয়া যায়নি। আবহাওয়া দপ্তরের সর্বশেষ পূর্বাভাসে বলা হয়েছে, আগামী আরও অন্তত চারদিন বৃষ্টিপাত অব্যাহত থাকবে পুতিয়ান ও সংলগ্ন এলাকাগুলোতে।
সিনহুয়াকে ওই প্রশাসনিক কর্মকর্তা জানিয়েছেন, দুর্যোগ মোকাবিলা দপ্তরের কর্মীবাহিনীকে সর্বোচ্চ মাত্রায় তৎপর থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
সূত্র : আনাদোলু এজেন্সি
প্রকাশ : এ্যাড.মোল্লা মহব্বত আলী, সম্পাদক মোল্লা আশিকুর রহমান ( জিতু )। অফিস : বায়াতুল আবেদ ভবন ১৫/৫ তলা,পল্টন,ঢাকা ১০০০
dainiksomoysangbad.com