খান আরিফুজ্জামান (নয়ন),ডুমুরিয়া(খুলনা),প্রতিনিধিঃ
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে খুলনার ডুমুরিয়া উপজেলার ১১ নম্বর ডুমুরিয়া সদর ইউনিয়নের ৩ নম্বর সাজিয়াড়া ওয়ার্ডে চেয়ারম্যান পদপ্রার্থী মোল্যা আবরার হোসেন সৈকতের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেলে সাজিয়াড়া মধ্যেপাড়ায় আয়োজিত এ উঠান বৈঠকে ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এ সময় স্থানীয় ভোটার ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন চেয়ারম্যান পদপ্রার্থী মোল্যা আবরার হোসেন সৈকত। বৈঠকে ইউনিয়নের বিভিন্ন সমস্যা, নাগরিক সেবা এবং সম্ভাব্য উন্নয়ন নিয়ে আলোচনা হয়। উঠান বৈঠকে বক্তব্য দিতে গিয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোল্যা আবরার হোসেন সৈকত বলেন, “এতদিন মানুষের কাছ থেকে যে ভালোবাসা ও সমর্থন পেয়েছি, তা আমাকে নির্বাচনে অংশ নিতে অনুপ্রাণিত করেছে। জনগণ আমাকে নির্বাচিত করলে ইউনিয়নের প্রতিটি মানুষের জন্য সরকারি সেবা নিশ্চিত করতে কাজ করতে চাই। এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। তিনি আরও বলেন, ইউনিয়নের সাধারণ মানুষের মতামতকে গুরুত্ব দিয়ে একটি সুন্দর, স্বচ্ছ ও জনবান্ধব ইউনিয়ন পরিষদ গড়ে তুলতে চান তিনি। পাশাপাশি শিক্ষা, যোগাযোগ ব্যবস্থা, নাগরিক সেবা ও সামাজিক উন্নয়নে কার্যকর ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
উঠান বৈঠকে উপস্থিত স্থানীয়রা মোল্যা আবরার হোসেন সৈকতের প্রার্থিতাকে স্বাগত জানিয়ে বলেন, তিনি একজন যোগ্য ব্যক্তি। জনগণের পাশে থেকে কাজ করার মানসিকতা তার রয়েছে।
তিনি চেয়ারম্যান নির্বাচিত হলে ডুমুরিয়া সদর ইউনিয়নের মানুষের কল্যাণে কাজ করবেন এবং ইউনিয়নটিকে একটি আধুনিক ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে ভূমিকা রাখবেন বলে তারা আশা প্রকাশ করেন। বৈঠকে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও মোল্যা আবরার হোসেন সৈকতের সমর্থকরা উপস্থিত ছিলেন। এ সময় আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে ইউনিয়নের মানুষের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।