ঢাকাসোমবার , ২৪ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইটি
  3. আজকের সংবাদ
  4. আজকের-সংবাদ
  5. আদালত
  6. আন্তর্জাতিক
  7. এক্সক্লুসিভ
  8. খেলা
  9. চাকরি
  10. জনদূর্ভোগ
  11. জাতীয়
  12. ধর্ম
  13. প্রযুক্তি
  14. বিনোদন
  15. মুক্তকলম
আজকের সর্বশেষ সবখবর

সময়মতো মশক নিধন না করায় খুলনা আজ ডেঙ্গুর মৃত্যুফাঁদ, নগর বিএনপির উদ্বেগ


আগস্ট ২৪, ২০২৬ ৭:০৯ অপরাহ্ণ
Link Copied!

খুলনায় ডেঙ্গু পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ রূপ ধারণ করায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে খুলনা মহানগর বিএনপি। উদ্ভূত পরিস্থিতিতে অবিলম্বেই জরুরি স্বাস্থ্যসেবা চালুর দাবি জানিয়েছেন দলের নেতারা। একই সঙ্গে মশক নিধনে সংশ্লিষ্টদের ব্যর্থতা ও অব্যবস্থাপনার কঠোর সমালোচনা করে তারা বলেন, সময়মতো কার্যকর পদক্ষেপ না নেওয়ায় আজ খুলনা ডেঙ্গুর মৃত্যুফাঁদে পরিণত হয়েছে।

গত এক সপ্তাহেই আইনজীবী ও চিকিৎসাধীন এক গৃহবধূসহ অন্তত সাতজনের মৃত্যু হয়েছে এবং অসংখ্য নাগরিক ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতাল ও বাসাবাড়িতে চিকিৎসাধীন রয়েছেন।

গতকাল সোমবার দুপুরে কেডি ঘোষ রোডস্থ দলীয় কার্যালয়ে খুলনা মহানগর বিএনপির এক জরুরি সভায় বক্তারা এসব কথা বলেন নেতৃবৃন্দ। মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ সাদীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন দক্ষিণ আফ্রিকা থেকে অনলাইনে মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও বিসিবি পরিচালক শফিকুল আলম তুহিন।

এ ছাড়া অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মো. মাসুদ পারভেজ বাবু, হাসানুর রশিদ চৌধুরী মিরাজ, কেএম হুমায়ুন কবীর, হাফিজুর রহমান মনি, মুর্শিদ কামাল, কাজী মিজানুর রহমান, আসাদুজ্জামান আসাদ, শেখ ইমাম হোসেন, শরিফুল ইসলাম টিপু, মিজানুর রহমান মিলটন, জাকির ইকবাল বাপ্পি প্রমুখ।

সভায় মহানগর বিএনপির নেতৃবৃন্দ খুলনায় ডেঙ্গুর ভয়াবহ চিত্র তুলে ধরে বলেন, খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল (খুমেক), জেনারেল হাসপাতাল এবং বেসরকারি ক্লিনিকগুলোতে আজ তীব্র শয্যা সংকট দেখা দিয়েছে। বেড না পেয়ে রোগীরা বাধ্য হয়ে হাসপাতালের অপরিচ্ছন্ন মেঝে ও বারান্দায় চিকিৎসা নিচ্ছেন, এমনকি শিশু ওয়ার্ডেও ডেঙ্গু রোগীদের গাদাগাদি করে রাখতে হচ্ছে।

অপরদিকে লোকদেখানো ফগিং চালিয়ে প্রকৃত মশক নিধনে সংশ্লিষ্টরা চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে। ফলে সাধারণ মানুষ বেসরকারি হাসপাতালে গিয়ে চিকিৎসা নিতে চরম আর্থিক ভোগান্তির শিকার হচ্ছেন।

এ অবস্থায় খুলনা নাগরিক সমাজ ও বিশেষজ্ঞদের দাবির সাথে একাত্মতা প্রকাশ করে অনতিবিলম্বে খুলনাকে ‘মহামারি এলাকা’ ঘোষণা করা, সরকারি ও বেসরকারি হাসপাতালে বিনামূল্যে রক্ত পরীক্ষা, প্লাটিলেট সরবরাহ ও চিকিৎসার সুব্যবস্থা করার আহ্বান জানান বক্তারা। পাশাপাশি শুধু নামমাত্র ফগিং না করে প্রতিটি ওয়ার্ডের গলি ও জলাশয়ে লার্ভিসাইড স্প্রে এবং পরিচ্ছন্নতা অভিযান জোরালো করার দাবি জানানো হয়। এদিকে ডেঙ্গু মোকাবিলায় সাধারণ মানুষের পাশে দাঁড়াতে নানা কর্মসূচি গ্রহণ করেছে খুলনা মহানগর বিএনপি।

সিদ্ধান্ত অনুযায়ী, নগরীর বিভিন্ন ওয়ার্ডে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণ ও প্রচারণা চালানো হবে। দলীয়ভাবে পরিচ্ছন্নতা বজায় রাখার পাশাপাশি বিএনপির নিজস্ব উদ্যোগে বিভিন্ন স্থানে মশার ওষুধ ছিটানো হবে।

এ ছাড়া ডেঙ্গু রোগীদের জরুরি রক্তের প্রয়োজন মেটাতে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, রক্তদান কর্মসূচি পরিচালনা এবং চিকিৎসাসেবা দিতে একটি বিশেষ মেডিকেল টিম বা সেবা সেল গঠন করা হয়েছে। সভা থেকে নিজস্ব অর্থায়নে মশক নিধনে মাঠে নামায় মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের বিশেষ অভিনন্দন জানান নেতৃবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।