সৌদি আরবের তায়েফ শহরে কামরুল জামান নামে এক প্রবাসী বাংলাদেশিকে গুলি করে হত্যা করেছেন এক সৌদি তরুণ। রবিবার (৩০ আগস্ট) স্থানীয় সময় ভোর চারটার দিকে তায়েফের হাওয়ায়েয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত কামরুল জামানের ভগ্নিপতি একরামুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত কামরুলের বাড়ি নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার কুতুবপুর গ্রামে। তিনি ওই গ্রামের খোরশেদ আলমের ছেলে। দেশে রেখে গেছেন স্ত্রী ও দুই ছেলেসন্তান।
জানা যায়, প্রবাসী কামরুল জামান তার কর্মস্থল একটি সুপারমার্কেটের ডিউটি শেষে বাসায় ফিরছিলেন। এ সময় তিনি রাস্তায় দাঁড়িয়ে পরিবারের সদস্যদের সঙ্গে ফোনে কথা বলছিলেন। হঠাৎ ওই সৌদি তরুণ তাকে লক্ষ্য করে গুলি ছোড়েন। প্রাণ বাঁচাতে কামরুল দৌড়ে নিজের কর্মস্থল সুপারমার্কেটের ভেতরে ঢুকে পড়েন। এ সময় সেখানে কর্মরত অন্য দুই কর্মী আতঙ্কে পালিয়ে যান। হামলাকারী পেছন পেছন সুপারমার্কেটের ভেতরে ঢুকে কামরুলকে লক্ষ্য করে পরপর তিন রাউন্ড গুলি চালিয়ে তাঁর মৃত্যু নিশ্চিত করেন বলে জানা গেছে। এরপর ওই সৌদি তরুণ নিজের মাথায় গুলি চালিয়ে আত্মহত্যা করেন।
কামরুলের কর্মস্থলের পাশের একটি ফার্মেসিতে কর্মরত এক বাংলাদেশি প্রবাসী কর্মীর বরাত দিয়ে ঘটনার এসব তথ্য জানা গেছে।
তবে কী কারণে কামরুল জামানের ওপর এই হামলা ও হত্যাকাণ্ড চালানো হয়েছে, তা এখনও জানা যায়নি। স্থানীয় কর্তৃপক্ষ ঘটনার তদন্ত করছে।
জীবিকার তাগিদে আড়াই বছর আগে সৌদি আরবে পাড়ি জমান কামরুল।

