Logo
প্রিন্টের তারিখ: 16 September 2026 | প্রকাশের তারিখ: Sep 16, 2026

সংবাদ শিরোনাম : সাত দফা দাবিতে ১৯ সেপ্টেম্বর ঢাকা-রংপুর লংমার্চ করবে ১১ দল

সাত দফা দাবিতে ১৯ সেপ্টেম্বর ঢাকা-রংপুর লংমার্চ করবে ১১ দল

আগের ছয় দফা দাবির সঙ্গে নতুন করে ‘দুর্নীতি ও দখলবাজি বন্ধের দাবি’ যুক্ত করেছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। ফলে এবার সাত দফা দাবি আদায়ে আগামী ১৯ সেপ্টেম্বর ঢাকা থেকে রংপুর অভিমুখে লংমার্চ কর্মসূচি পালন করবে জোটটি।

রোববার (১৩ সেপ্টেম্বর) ১১ দলীয় ঐক্যের বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ।

সংবাদ সম্মেলনে তিনি দেশে চলমান জ্বালানি সংকট নিয়েও সরকারের সমালোচনা করেন। তার অভিযোগ, তেলের সংকটকে কারণ দেখিয়ে দেশে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে। সংকটের প্রভাবে এরই মধ্যে প্রায় ১ হাজার ২০০টি বেকারি বন্ধ হয়ে গেছে বলেও দাবি করেন তিনি।

সার সংকটে উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা

হামিদুর রহমান আজাদ বলেন, দেশে সার সংকট তৈরি হওয়ায় কৃষি উৎপাদনও বাধাগ্রস্ত হচ্ছে। এর ফলে খাদ্যশস্য উৎপাদন কমে যাওয়ার পাশাপাশি কৃষি ও খাদ্য খাত বড় ধরনের চাপের মধ্যে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও অভিযোগ

দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির দিকে যাচ্ছে বলেও অভিযোগ করেন জামায়াতের এই নেতা।

তার দাবি, প্রশাসন ও গোয়েন্দা সংস্থাগুলোর ব্যর্থতার সুযোগেই গুলশানে আওয়ামী লীগ মিছিল করার মতো পরিস্থিতি তৈরি হয়েছে।

এ সময় দেশে হত্যাকাণ্ড বেড়ে যাওয়ার বিষয়টিও তুলে ধরেন হামিদুর রহমান আজাদ। তার ভাষ্য, ধারাবাহিক হত্যাকাণ্ডের কারণে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাপন কঠিন হয়ে পড়েছে।

নতুন করে দুর্নীতি ও দখলবাজি বন্ধের দাবিকে সাত দফার কর্মসূচিতে যুক্ত করার পর আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চকে সামনে রেখে কর্মসূচি বাস্তবায়নের প্রস্তুতি নিচ্ছে ১১ দলীয় ঐক্য।

© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক সময় সংবাদ
সকল কারিগরি সহায়তায়ঃ বিডি আই’টি সাপোর্ট
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF