Logo
প্রিন্টের তারিখ: 16 September 2026 | প্রকাশের তারিখ: Sep 16, 2026

সংবাদ শিরোনাম : ২ থেকে ৩ হাজার টাকায় স্মার্টফোন দেওয়ার উদ্যোগ

২ থেকে ৩ হাজার টাকায় স্মার্টফোন দেওয়ার উদ্যোগ


সাধারণ মানুষের নাগালের মধ্যে স্মার্টফোন পৌঁছে দিতে এর দাম ২ থেকে ৩ হাজার টাকার মধ্যে নামিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।

বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

তরুণ উদ্যোক্তাদের জন্য ৫০ কোটি টাকার তহবিল

মাহদী আমিন জানান, তরুণ উদ্যোক্তাদের সহায়তায় বাংলাদেশ ব্যাংকের অধীনে ৫০ কোটি টাকার স্টার্টআপ তহবিল গঠন করা হয়েছে। এ তহবিল থেকে প্রতিবছর ৫ হাজার তরুণকে জামানত ছাড়াই ঋণ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, সাধারণ মানুষের জন্য সাশ্রয়ী মূল্যে স্মার্টফোন সরবরাহের লক্ষ্যে দাম ২ থেকে ৩ হাজার টাকার মধ্যে রাখার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি ফ্রিল্যান্সারদের জন্য আইটি পার্ক স্থাপন ও মাস্টারপ্ল্যান প্রণয়নের কথাও জানান তিনি।

সরকারি চাকরিতে অভিন্ন বয়সসীমা ও বেতন কাঠামো

সংবাদ সম্মেলনে সরকারি চাকরিজীবীদের জন্য সব গ্রেডে অভিন্ন বয়সসীমা ও নতুন বেতন কাঠামো অনুমোদনের কথা জানান প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা। তার দেওয়া তথ্য অনুযায়ী, প্রস্তাবিত বেতন কাঠামোয় সর্বনিম্ন ২০ হাজার এবং সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকা বেতন নির্ধারণ করা হয়েছে।

এ ছাড়া বিশ্ববিদ্যালয় ও কলেজ পর্যায়ে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

মেধাবীদের বৃত্তি, এসএসসি উত্তীর্ণদের ল্যাপটপ

মাহদী আমিন বলেন, উচ্চশিক্ষার ক্ষেত্রে শীর্ষ ৫ শতাংশ মেধাবী শিক্ষার্থীকে শতভাগ সরকারি শিক্ষাবৃত্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে এসএসসি পরীক্ষায় শীর্ষ মেধাবীদের বিনামূল্যে ল্যাপটপ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

কওমি ও আলিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিত করতে বিনামূল্যে সুষম খাবার দেওয়ার একটি রূপরেখা তৈরি করা হয়েছে বলেও জানান তিনি।

শিক্ষক দিবস উপলক্ষে দেশের সেরা ১০০ শিক্ষককে প্রত্যেককে ১ লাখ টাকা করে পুরস্কার দেওয়ার উদ্যোগের কথাও সংবাদ সম্মেলনে তুলে ধরেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র।

৭৪ শহীদ পরিবারের সদস্যদের চাকরি

জুলাই গণ-অভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্মরণ করে মাহদী আমিন বলেন, ওই আন্দোলনে নিহত ৭৪ শহীদের পরিবারের সদস্যদের হাতে সরকারি চাকরির নিয়োগপত্র তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

ছয় মাসে রেমিট্যান্স বেড়েছে ১৩.১ শতাংশ

প্রবাসী আয়ের প্রসঙ্গে মাহদী আমিন বলেন, বৈশ্বিক অর্থনৈতিক সংকটের মধ্যেও গত ছয় মাসে দেশে প্রবাসী আয় ১৩ দশমিক ১ শতাংশ বেড়েছে। এ সময়ে প্রায় ১ হাজার ৮৯৪ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে বলে জানান তিনি।

এ ছাড়া ১০ হাজার বাংলাদেশি কর্মীকে সম্পূর্ণ বিনামূল্যে মালয়েশিয়ায় পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশের সঙ্গে বাণিজ্য চুক্তির উদ্যোগ এবং বন্যাকবলিত নেপালে বাংলাদেশ থেকে ১০ লাখ মার্কিন ডলারের মানবিক সহায়তা পাঠানোর বিষয়টিও সংবাদ সম্মেলনে তুলে ধরা হয়।

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক সময় সংবাদ
সকল কারিগরি সহায়তায়ঃ বিডি আই’টি সাপোর্ট
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF