শেখ ফরিদুল বাবু, রূপসা (খুলনা) প্রতিনিধি:
পৈতৃক জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে বসতভিটা থেকে উচ্ছেদ ও প্রাণনাশের হুমকির অভিযোগে নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন খুলনার রূপসা উপজেলার দেয়ারা (যুগীহাটী) গ্রামের তাসলিমা বেগম (২৯) ও তাঁর পরিবার। নিজের পৈতৃক সম্পত্তিতে বসবাস করেও পরিবারটি বর্তমানে অনিশ্চয়তা ও আতঙ্কের মধ্যে রয়েছে বলে অভিযোগ করেছেন তাসলিমা।
এ ঘটনায় গত ১৭ সেপ্টেম্বর ২০২৬ রূপসা থানায় তিনজনকে বিবাদী করে লিখিত অভিযোগ দিয়েছেন তিনি।
অভিযোগ সূত্রে জানা যায়, তাসলিমা বেগম রূপসা উপজেলার দেয়ারা (যুগীহাটী) গ্রামের সুবহান শেখের মেয়ে। তাঁর দাদা মৃত গোলাম হোসেনের পৈতৃক জমি নিয়ে পরিবারের কয়েকজন আত্মীয়ের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। অভিযোগ, এই বিরোধের জেরে তাঁকে ও তাঁর পরিবারের সদস্যদের বসতভিটা থেকে উচ্ছেদের জন্য বিভিন্নভাবে চাপ ও ভয়ভীতি দেখানো হচ্ছে।
লিখিত অভিযোগে তাসলিমা বেগম উল্লেখ করেন, গত ১৭ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিবাদীরা আইচগাতী এলাকার দেয়ারা (যুগীহাটী) গ্রামে তাঁর বাড়িতে প্রবেশ করেন। এ সময় জমি দাবি করে তাঁদের বসতভিটা থেকে বের করে দেওয়ার চেষ্টা, বাড়িতে যাতায়াতের পথ বন্ধ করে দেওয়া, গালিগালাজ ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ করা হয়েছে। এর প্রতিবাদ করলে তাঁকে ও তাঁর পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
বসতভিটা নিয়ে এমন বিরোধে সবচেয়ে বেশি উদ্বেগে রয়েছে পরিবারটির নিরাপত্তা। অভিযোগকারীর দাবি, বিষয়টি দ্রুত সমাধান না হলে যেকোনো সময় অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হতে পারে। নিজের বসতভিটায় বসবাস করেও নিরাপত্তাহীনতায় থাকার বিষয়টি নিয়ে প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।
তাসলিমা বেগম বলেন, “বিবাদীরা আমাদের ওপর নানাভাবে অত্যাচার ও উচ্ছেদের পাঁয়তারা চালাচ্ছে। আমরা আমাদের পৈতৃক সম্পত্তিতে শান্তিপূর্ণভাবে বসবাস করতে চাই। আমার ও পরিবারের সদস্যদের জীবনের নিরাপত্তা এবং ন্যায়বিচারের জন্য প্রশাসনের জরুরি হস্তক্ষেপ চাই।”
এদিকে, স্থানীয়ভাবে বিষয়টি নিয়ে যাতে কোনো ধরনের উত্তেজনা বা অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয়, সে জন্য প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দেরও বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখার আহ্বান জানিয়েছেন ভুক্তভোগী পরিবার। তাঁদের প্রত্যাশা, সংশ্লিষ্টরা বিষয়টি মানবিকভাবে বিবেচনা করে উভয় পক্ষের বক্তব্য শুনে শান্তিপূর্ণ সমাধানের উদ্যোগ নেবেন এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সহযোগিতা করবেন।
অভিযোগের বিষয়ে রূপসা থানায় যোগাযোগ করা হলে পুলিশ জানায়, অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তবে জমি-সংক্রান্ত বিরোধের প্রকৃত মালিকানা ও অভিযোগের অন্যান্য বিষয় তদন্ত ও সংশ্লিষ্ট কাগজপত্র যাচাইয়ের মাধ্যমে নির্ধারিত হবে। অভিযোগে অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।