Logo
প্রিন্টের তারিখ: 02 November 2026 | প্রকাশের তারিখ: Nov 2, 2026

সংবাদ শিরোনাম : রামপাল সদর ইউনিয়নে গণসংযোগ শেষে আসাদুজ্জামানের পথসভা

রামপাল সদর ইউনিয়নে গণসংযোগ শেষে আসাদুজ্জামানের পথসভা
মোঃ আবু বকর সিদ্দিক : বাগেরহাটের রামপাল উপজেলার ৪নং সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আসাদুজ্জামান আসাদের নেতৃত্বে ব্যাপক গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) ২০২৬ ইংরেজি তারিখ বিকেল ৪টায় গণসংযোগ শেষে এ পথসভা অনুষ্ঠিত হয়। গণসংযোগকালে তিনি ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের দোয়া ও সমর্থন কামনা করেন। গণসংযোগ শেষে আয়োজিত পথসভায় চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আসাদুজ্জামান আসাদ বলেন, সততা, ন্যায় ও উন্নয়নের অঙ্গীকার নিয়ে তিনি চেয়ারম্যান নয়, আমানতের পাহারাদার হিসেবে ইউনিয়নবাসীর পাশে থাকতে চান। নির্বাচিত হলে সরকারি বরাদ্দের উন্মুক্ত হিসাব, দুর্নীতি ও দালালমুক্ত সেবা এবং মানুষের অধিকার নিশ্চিত করতে কাজ করার কথা জানান তিনি। তিনি বলেন, ইউনিয়নবাসীর জন্য সেবার দরজা সবসময় খোলা রাখতে চান। শিক্ষা ও মেধা বিকাশের পরিবেশ তৈরি, মেডিকেল ক্যাম্প ও স্বাস্থ্যসেবা সম্প্রসারণ, সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সুপেয় পানির নিশ্চয়তা দিতে উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি কার্ড ও ভাতার সুষম বণ্টন, মাদকমুক্ত তরুণ সমাজ গঠন এবং নারী ও শিশুর স্বাস্থ্য অধিকার নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হবে। আসাদুজ্জামান আরও বলেন, সিন্ডিকেটমুক্ত বাজার ব্যবস্থা, নিরপেক্ষ গ্রাম্য আদালত, চেয়ারম্যানের অভিযোগ বক্স, খেলাধুলা ও সুস্থ বিনোদনের সুযোগ সৃষ্টি এবং আধুনিক কৃষিবান্ধব ইউনিয়ন গড়ে তোলা হবে। ধর্মীয় ও সাংস্কৃতিক সম্প্রীতি বজায় রেখে দল-মত নির্বিশেষে সব মানুষের জন্য ইউনিয়ন পরিষদের সেবা নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। পথসভায় তিনি আরও বলেন, ইউনিয়নবাসীর সঙ্গে সরাসরি যোগাযোগকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। জনগণের সমস্যা শুনে দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া এবং ২৪ ঘণ্টা, সপ্তাহে সাত দিন মানুষের পাশে থাকার প্রতিশ্রুতিও দেন তিনি। এ সময় তিনি বলেন, গরিব ও মেহনতি মানুষের পাশে থেকে তরুণদের নিয়ে একটি মানবিক, স্বচ্ছ ও জনবান্ধব ইউনিয়ন গড়ে তুলতে চান। এ জন্য তিনি ইউনিয়নবাসীর দোয়া, ভালোবাসা ও সমর্থন প্রত্যাশা করেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক সময় সংবাদ
সকল কারিগরি সহায়তায়ঃ বিডি আই’টি সাপোর্ট
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF