রূপসা প্রতিনিধি:
খেলাধুলার মাধ্যমে সামাজিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদার এবং তরুণ সমাজকে মাঠমুখী করার লক্ষ্যে খুলনার রূপসায় অনুষ্ঠিত হয়েছে এক প্রীতি ফুটবল ম্যাচ।
সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় নৈহাটি মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত এ প্রীতি ম্যাচে মুখোমুখি হয় রূপসা কলেজ ও নৈহাটি সান ফুটবল একাডেমি।
উত্তেজনাপূর্ণ এ খেলায় নৈহাটি সান ফুটবল একাডেমি ২ গোল করে জয়লাভ করে। ম্যাচজুড়ে দুই দলের খেলোয়াড়দের মধ্যে ছিল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই। মাঠে উপস্থিত দর্শকরাও খেলোয়াড়দের উৎসাহ দিতে উচ্ছ্বাস প্রকাশ করেন।
আয়োজকরা জানান, তরুণ প্রজন্মকে মাদক ও বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার প্রসার অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিয়মিত খেলাধুলার মাধ্যমে তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি শৃঙ্খলা, নেতৃত্ব এবং পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি পায়।
প্রীতি ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এস এম হারুনার রশিদ। এছাড়া বিশেষ অতিথি হিসেবে স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ, শিক্ষক, সমাজকর্মী, ক্রীড়া সংগঠক ও ক্রীড়াপ্রেমীরা উপস্থিত ছিলেন।
আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, “একটি সুন্দর সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই।” খেলাধুলার মাধ্যমে তরুণদের মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধন আরও সুদৃঢ় করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।
স্থানীয় ক্রীড়াপ্রেমীরা এমন আয়োজনকে স্বাগত জানিয়ে বলেন, রূপসায় নিয়মিত এ ধরনের ফুটবল ম্যাচ ও ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হলে নতুন প্রজন্ম খেলাধুলায় আরও উৎসাহিত হবে এবং একটি সুস্থ, সুন্দর ও মাদকমুক্ত সমাজ গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে।

