ঢাকারবিবার , ৩০ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইটি
  3. আজকের সংবাদ
  4. আজকের-সংবাদ
  5. আদালত
  6. আন্তর্জাতিক
  7. এক্সক্লুসিভ
  8. খেলা
  9. চাকরি
  10. জনদূর্ভোগ
  11. জাতীয়
  12. ধর্ম
  13. প্রযুক্তি
  14. বিনোদন
  15. মুক্তকলম
আজকের সর্বশেষ সবখবর

ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তান দলে ফেরা নিয়ে সিদ্ধান্ত জানালেন আমির


আগস্ট ৩০, ২০২৬ ৪:৩৪ পূর্বাহ্ণ
Link Copied!

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য অবসর ভেঙে পাকিস্তান জাতীয় দলে ফিরেছিলেন পেসার মোহাম্মদ আমির। তবে আইসিসির মেগা টুর্নামেন্টটিতে তার দল চার ম্যাচের দুটিতেই হেরে গ্রুপপর্ব থেকে বিদায় নেয়। পরে দ্বিতীয়বার অবসর নেওয়া বাঁ-হাতি এই পেসার ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে আবারও পাকিস্তান দলে ফিরতে পারেন বলে গুঞ্জন শুরু হয়। সেই গুঞ্জন উড়িয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানালেন আমির।

ফুরকান ভাট্টির ইউটিউব চ্যানেলের আলোচনায় আমির বলেন, ‘আমি এখন স্থানীয় ব্রিটিশ। কাউন্টি চ্যাম্পিয়নশিপ ও দ্য হান্ড্রেডের মতো প্রতিযোগিতায় স্থানীয় খেলোয়াড় হিসেবে খেললে আপনাকে একটি নথিতে স্বাক্ষর করতে হয়, যেখানে বলা থাকে আপনি অন্য কোনো দেশের হয়ে স্থানীয় খেলোয়াড় হিসেবে খেলতে পারবেন না। তাই পাকিস্তানের হয়ে যে অধ্যায় ছিল, সেটি এখন সমাপ্ত।’

২০২৪ সালের ১৪ ডিসেম্বর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন আমির। এরপর স্ত্রী নারজিস খানের মাধ্যমে ব্রিটিশ নাগরিকত্ব ও দেশটির পাসপোর্টও অর্জন করেন তিনি। তবুও আগামী বছরের ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তানের হয়ে ফেরার সম্ভাবনা নিয়ে জল্পনা শুরু হয়, যার অবসান ঘটিয়েছেন সাবেক এই পাকিস্তানি পেসার। ২০২৭ আসরটি দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় ৪ অক্টোবর থেকে ২১ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে।

ব্রিটিশ নাগরিক হওয়ার ফলে এখন পাকিস্তান সুপার লিগের (পিএসএল) মতো ফ্র্যাঞ্চাইজি প্রতিযোগিতায় আমির বিদেশি খেলোয়াড় হিসেবে অংশ নেবেন। এর আগে ৩৪ বছর বয়সী এই পেসারের পাকিস্তানের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় ২০০৯ সালে। জাতীয় দলে তিনি ৩৬ টেস্টে ১১৯, ৬১ ওয়ানডেতে ৮১ এবং ৬২ টি-টোয়েন্টিতে ৭১ উইকেট শিকার করেছেন।

পাকিস্তানের হয়ে তিনটি বিশ্বকাপেও খেলেছেন আমির। ২০০৯ ও ২০১০ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপেও অংশ নেন তিনি। ২০০৯ সালে পাকিস্তানের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের অভিযানে সাত ম্যাচে ৬ উইকেট নেন আমির। এরপর ২০১০ আসরে ছয় ম্যাচে তার শিকার ছিল ৮ উইকেট। এ ছাড়া ২০১৯ ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তানের সর্বোচ্চ উইকেটশিকারিও (১৭) ছিলেন আমির।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।