রেকর্ড পরিমাণ বৃষ্টিপাতের পর জাপানের কাগোশিমা প্রিফেকচারের ইয়াকুশিমা শহরে ভূমিধসের সর্বোচ্চ সতর্কতা জারি করেছে দেশটির আবহাওয়া সংস্থা।
শনিবার (৫ সেপ্টেম্বর) জাপান আবহাওয়া সংস্থা (জেএমএ) এ সতর্কতা জারি করে।
সংস্থাটি জানিয়েছে, ভূমিধসের ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত এলাকায় ইতোমধ্যে কোনো ধরনের দুর্যোগ ঘটে যাওয়ার আশঙ্কা রয়েছে। বৃষ্টিপাতের মাত্রাকে ‘নজিরবিহীন’ বলেও উল্লেখ করেছে তারা।
জেএমএ সতর্ক করে বলেছে, ওই এলাকার মানুষের জীবন এখন ‘তাৎক্ষণিক ঝুঁকির’ মধ্যে রয়েছে। ঝড় ও ভারী বৃষ্টি অব্যাহত থাকায় নিরাপত্তা নিশ্চিত করতে বাসিন্দাদের দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।
স্থানীয় কর্তৃপক্ষ বাসিন্দাদের নির্ধারিত আশ্রয়কেন্দ্রে যাওয়ার নির্দেশ দিয়েছে। তবে সেখানে পৌঁছানো বিপজ্জনক হলে পাহাড়ের খাড়া ঢাল বা নদী-নালার কাছাকাছি নয়—এমন নিরাপদ ভবনে আশ্রয় নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
জাপান আবহাওয়া সংস্থা আরও জানিয়েছে, বিশেষ সতর্কতা জারি হওয়ার অপেক্ষায় থাকা অনেক সময় বিপজ্জনক হয়ে উঠতে পারে। কারণ তখন নিরাপদে সরে যাওয়ার মতো পর্যাপ্ত সময় নাও থাকতে পারে।
জীবন রক্ষায় কোনো ধরনের সতর্কবার্তার অপেক্ষা না করে স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশনা অনুসরণ করার জন্য বাসিন্দাদের প্রতি আহ্বান জানিয়েছে সংস্থাটি।

