রূপসা প্রতিনিধি: রূপসা উপজেলার কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের গেটের সামনে বারবার ঘটে যাওয়া সড়ক দুর্ঘটনা এড়াতে স্পিড ব্রেকার/গতিরোধক স্থাপনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও এলাকাবাসীর আয়োজনে বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সামনে দিয়ে প্রতিদিন বিপুলসংখ্যক শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও সাধারণ মানুষ চলাচল করেন। বিদ্যালয়ের এক পাশে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং অন্য পাশে বিদ্যালয় হওয়ায় সড়কটির ওই অংশে সবসময় মানুষের পদচারণা থাকে। কিন্তু ব্যস্ততম এই স্থানে দীর্ঘদিন ধরে কোনো স্পিড ব্রেকার বা গতিরোধক না থাকায় দ্রুতগতির যানবাহনের কারণে প্রায়ই দুর্ঘটনার কবলে পড়ছেন পথচারীরা এবং ইতোমধ্যে বিদ্যালয়ের সামনে একাধিক শিক্ষার্থী সড়ক দুর্ঘটনায় আহত হওয়ার ঘটনাও ঘটেছে। বক্তারা আরও বলেন, বিদ্যালয় কর্তৃপক্ষ ও এলাকাবাসী দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের সামনে স্পিড ব্রেকার স্থাপনের দাবি জানিয়ে আসছেন। কিন্তু কার্যকর কোনো ব্যবস্থা না নেওয়ায় দুর্ঘটনার ঝুঁকি থেকেই যাচ্ছে। সর্বশেষ গতকাল মঙ্গলবার বিদ্যালয়ের সামনে দিয়ে রাস্তা পারাপারের সময় বিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ অজিত সরকারকে সজোরে একটি ইজিবাইক ধাক্কা দেয়। এতে তিনি মারাত্মকভাবে আহত হন। পরে শিক্ষক ও স্থানীয়রা তাকে উদ্ধার করে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সযোগে তাকে ঢাকায় নেওয়া হয়। বর্তমানে তিনি ঢাকার ইমপালস হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।একটি শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের গুরুত্বপূর্ণ দায়িত্ব। দুর্ঘটনা ঘটার পর ব্যবস্থা নেওয়ার পরিবর্তে দুর্ঘটনা প্রতিরোধে আগেই কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি। দুর্ঘটনার পর যেন আর কোনো পরিবারকে প্রিয়জনের জন্য হাসপাতালে ছুটতে না হয় এবং শিক্ষার্থীদের নিরাপদে বিদ্যালয়ে যাতায়াত এবং পথচারীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে দ্রুত সময়ের মধ্যে বিদ্যালয়ের সামনে স্পিড ব্রেকার/গতিরোধক স্থাপনসহ সড়ক নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।মানববন্ধনে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আনোয়ার হোসেন। স্বাগত বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক খান মেজবা উদ্দিন সেলিম। ক্রীড়া শিক্ষক আঃ কাদেরের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সাবেক জেলা বিএনপি নেতা জিএম আসাদুজ্জামান, প্রভাষক সেলিম রেজা, খান মারুফুল হক, বাশির আহম্মেদ লালু, মিলন দেবনাথ, রতন ঘোষ, স্বপন কুমার বিশ্বাস, নজরুল ইসলাম মল্লিক, ফাল্গুনি মুখার্জি, অমলেন্দু বিশ্বাস, অনুপ কুমার পাল, তাজমা খাতুন, মোঃ কামরুজ্জামান, সঞ্চিতা গাইন, সহকারী শিক্ষক সঞ্জয় কুমার মন্ডল, বিভাষ কুমার দাস, আসাদুজ্জামান সরদার, তুষার কান্তি দত্ত, খান জাহিদুল কবীর, মাওঃ ইমদাদুল হক, মোঃ আমিরুল ইসলাম, আঃ কাদের, সেকেন্দার আলী, কাকলি পাল, ললিতা রানী হালদার, গীতা রানী বিশ্বাস, সীমা হালদার, হেমালতা বিশ্বাস, ভারতী দাস, প্রেমানন্দ অধিকারী, মীর আলী হোসেন, মিতালি মন্ডল, এসকে কুদরত আলী, বেল্লাল শেখ, মিজানুর রহমান, মহিউদ্দিন শেখ, হেকমত আলী, জেলা যুবদলের সদস্য তরিকুল ইসলাম রিপন, নাঈম আহম্মেদ প্রমুখ। মানববন্ধন শেষে বিদ্যালয়ের শিক্ষকরা রূপসা উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপিতে বিদ্যালয়ের সামনে দ্রুত স্পিড ব্রেকার/গতিরোধক স্থাপনসহ সড়ক নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়। পরবর্তীতে খুলনা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক খান জুলফিকার আলি জুলু মানববন্ধনস্থলে উপস্থিত হয়ে শিক্ষার্থী ও শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করেন। এসময় তিনি বিদ্যালয়ের সামনে স্পিড ব্রেকার স্থাপনের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করে খুলনা-৪ আসনের সংসদ সদস্য আজিজুল বারী হেলালের পক্ষে প্রয়োজনীয় সহযোগিতা ও উদ্যোগ গ্রহণের আশ্বাস প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এনামুল হক সজল।
প্রিন্ট করুন
ফটো কার্ড
এ জাতীয় আরো খবর..