মহিদুল ইসলাম (শাহীন) খুলনা থেকে, শিল্পনগরী খুলনার শিরোমণিতে বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেডের (বাকেশি) নিজস্ব অর্থায়নে স্থাপিত ১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা সম্পন্ন রুফটপ সোলার পাওয়ার প্ল্যান্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বুধবার (০৯ সেপ্টেম্বর) খুলনার শিরোমণিতে বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেডের ক্যান্টিন মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্ল্যান্টটির উদ্বোধন করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা-৩ আসনের সংসদ সদস্য ও হুইপ রকিবুল ইসলাম বকুল, খুলনা-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আলী আসগর লবি, খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, খুলনা বিভাগীয় কমিশনার মো. আবদুল্লাহ হারুন এবং খুলনার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হুরে জান্নাত। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব এবং বাকেশি পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মিজ বিলকিস জাহান রিমি। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেডের ব্যবস্থানা পরিচালক মোঃ শহিদুল ইসলাম। জানা যায়, পাঁচ কোটি টাকার অধিক ব্যয়ে বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেডের নিজস্ব অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়ন করা হয়। ২০২৪ সালে পরিবেশবান্ধব এ উদ্যোগের আওতায় কারখানার ছাদে সাতটি পৃথক শেডে সৌর প্যানেল স্থাপন করা হয়। এটি একটি গ্রিড-টাইড রুফটপ সোলার ফটোভোলটাইক পাওয়ার প্ল্যান্ট। উৎপাদিত সৌরবিদ্যুৎ নেট মিটারিংয়ের মাধ্যমে জাতীয় গ্রিডের সঙ্গে সংযুক্ত হবে। প্রকল্প সংশ্লিষ্টরা জানান, প্ল্যান্ট থেকে উৎপাদিত বিদ্যুতের মাধ্যমে প্রথমে কারখানার নিজস্ব দৈনন্দিন বিদ্যুৎ চাহিদা পূরণ করা হবে। অতিরিক্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা সম্ভব হবে। এতে প্রতিষ্ঠানের বিদ্যুৎ ব্যয় উল্লেখযোগ্যভাবে কমবে। সংশ্লিষ্টদের হিসাবে, সোলার প্ল্যান্ট চালুর ফলে বাকেশির প্রতি মাসে প্রায় ১৫ লাখ টাকা বিদ্যুৎ খরচ সাশ্রয় হবে। একই সঙ্গে অতিরিক্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহের সুযোগ তৈরি হবে। প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বলেন, পাঁচ কোটি টাকার অধিক ব্যয়ে বাস্তবায়িত এই পরিবেশবান্ধব সোলার পাওয়ার প্ল্যান্ট দেশের জন্য একটি যুগান্তকারী উদ্যোগ। বর্তমান বিদ্যুৎ সংকট মোকাবিলায় নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর কোনো বিকল্প নেই। উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি মন্ত্রী ফকির মাহবুব আনাম প্রথমে বাকেশির কর্মকর্তা ও নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। পরে তিনি কারখানার ছাদে স্থাপিত রুফটপ সোলার পাওয়ার প্ল্যান্ট পরিদর্শন করেন। এ সময় প্ল্যান্টের উৎপাদন সক্ষমতা, সুবিধা ও কার্যক্রম সম্পর্কে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন। পরে আনুষ্ঠানিকভাবে প্ল্যান্টটির উদ্বোধন করেন তিনি। এ সময় বাকেশির কর্মকর্তারা প্রতিষ্ঠানের বর্তমান অর্ডার সংকটের বিষয়টি তুলে ধরে মন্ত্রীর সহযোগিতা কামনা করেন। তারা বলেন, ‘কাজ বা অর্ডার দেওয়ার দায়িত্ব সংশ্লিষ্ট কর্তৃপক্ষের, আর উৎপাদনের দায়িত্ব বাকেশির’। একই সঙ্গে বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) পাশে থাকা একটি পরিত্যক্ত জায়গা নামমাত্র মূল্যে বাকেশিকে ব্যবহারের সুযোগ দেওয়া হলে প্রতিষ্ঠানের উৎপাদন সক্ষমতা আরও বাড়ানো সম্ভব হবে বলে তারা জানান। অনুষ্ঠানে অতিথিরা বাকেশিকে একটি লাভজনক ও সম্ভাবনাময় প্রতিষ্ঠান হিসেবে উল্লেখ করে এর উৎপাদন বৃদ্ধির জন্য প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করার আহ্বান জানান। খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেন, প্রায় ২০ বছর আগে খুলনায় একটি সোলার প্ল্যান্ট স্থাপন করা হয়েছিল। সেটিকে পুনরায় চালু করার উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি আরও সোলার প্ল্যান্ট স্থাপনের মাধ্যমে খুলনায় নবায়নযোগ্য জ্বালানি থেকে বিদ্যুৎ উৎপাদনের পরিমাণ বাড়ানোর সুযোগ রয়েছে। প্রধান অতিথির বক্তব্যে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেন, বাকেশির কর্মকর্তা-কর্মচারীদের বিভিন্ন দাবি ও প্রত্যাশার বিষয়ে তিনি ঢাকায় গিয়ে সংশ্লিষ্ট পর্যায়ে আলোচনা করবেন এবং তাদের আশা-আকাঙ্ক্ষা পূরণে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার চেষ্টা করবেন। বিটিসিএলের পরিত্যক্ত জায়গাটি বাকেশির কাজে ব্যবহারের বিষয়েও উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন তিনি। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের ক্রেস্ট প্রদান এর মধ্য দিয়ে উদ্বোধনী অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
প্রিন্ট করুন ফটো কার্ড