চট্টগ্রাম বিভাগে সড়ক নিরাপত্তা জোরদার ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ - বিআরটিএ, চট্টগ্রাম বিভাগের নবনিযুক্ত পরিচালক *শফিক উজ্জামান ভূঁইয়া *-এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নিরাপদ সড়ক আন্দোলন - নিসআ, চট্টগ্রাম জেলার নেতৃবৃন্দ ও কর্মীরা। সাক্ষাৎকালে নেতৃবৃন্দ নবনিযুক্ত পরিচালককে ফুলেল শুভেচ্ছা জানান এবং চট্টগ্রামে নিরাপদ সড়ক বাস্তবায়নে সংগঠনের পক্ষ থেকে গৃহীত বিভিন্ন উদ্যোগ ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্পর্কে তাকে অবহিত করেন।
আলোচনায় চট্টগ্রাম বিভাগের সড়ক নিরাপত্তার সামগ্রিক চিত্র, সুশৃঙ্খল সড়ক পরিবহন ব্যবস্থা প্রতিষ্ঠা, বিআরটিএ’র সেবার মান উন্নয়ন এবং সাধারণ মানুষের মাঝে ট্রাফিক আইন সম্পর্কে সচেতনতা বৃদ্ধির বিষয়গুলো গুরুত্বের সাথে স্থান পায়। এসময় বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনা রোধ ও নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে শুধুমাত্র সরকারি উদ্যোগ যথেষ্ট নয়, এক্ষেত্রে নাগরিক সমাজের সক্রিয় অংশগ্রহণও অপরিহার্য। তাই সংশ্লিষ্ট সরকারি প্রতিষ্ঠান ও নাগরিক সমাজের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও কার্যকর সমন্বয় আরও জোরদার করার ওপর তারা গুরুত্বারোপ করেন।
নবনিযুক্ত পরিচালক শফিক উজ্জামান ভূঁইয়া সড়ক নিরাপত্তা নিয়ে কাজ করা সংগঠনগুলোর ভূমিকার প্রশংসা করে বলেন, জনগণকে সচেতন করার মাধ্যমে দুর্ঘটনা কমিয়ে আনা সম্ভব। এ লক্ষ্যে বিআরটিএ সবসময় নিরাপদ সড়ক আন্দোলনের মতো সংগঠনগুলোর সাথে একযোগে কাজ করবে। পাশাপাশি তিনি বিআরটিএ’র সেবা জনবান্ধব ও দ্রুত করার বিষয়ে সর্বোচ্চ আন্তরিকতার সাথে কাজ করার প্রতিশ্রুতি দেন। সাক্ষাৎ শেষে উভয়পক্ষ চট্টগ্রামকে একটি নিরাপদ ও যানজটমুক্ত বিভাগ হিসেবে গড়ে তুলতে ভবিষ্যতেও একসাথে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
প্রিন্ট করুন
ফটো কার্ড
এ জাতীয় আরো খবর..