লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বহুল প্রতীক্ষিত নেয়াজর টেক থেকে টংকাবতী ফরেস্ট অফিস ভায়া কানুরাম বাজার ব্রিজের নির্মাণকাজ শেষে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে ফলক উন্মোচন করে সেতুটির উদ্বোধন করেন চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্রে জানা যায়, সেতুটি নির্মাণে মোট ব্যয় হয়েছে ৫ কোটি ৪৫ লাখ ৬ হাজার ৩১ টাকা। দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে সেতুটি নির্মিত হওয়ায় এলাকাবাসীর মধ্যে আনন্দের জোয়ার বইছে।
এ সময় সংসদ সদস্য বলেন, "এই সেতু শুধু একটি সেতু নয়, এটি এই অঞ্চলের মানুষের স্বপ্ন। বর্তমান সরকার গ্রামীণ যোগাযোগ ব্যবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। এই সেতুর মাধ্যমে টংকাবতী, কানুরাম বাজার ও নেয়াজর টেক এলাকার হাজার হাজার মানুষের দুর্ভোগ লাঘব হবে এবং কৃষিপণ্য পরিবহন সহজ হবে।"
উদ্বোধনী অনুষ্ঠানে এলজিইডির কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিপুল সংখ্যক এলাকাবাসী উপস্থিত ছিলেন।
সেতুটি চালু হওয়ায় এ অঞ্চলের মানুষের যাতায়াত, শিক্ষা, চিকিৎসা ও অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন গতি আসবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
প্রিন্ট করুন
ফটো কার্ড
এ জাতীয় আরো খবর..